বিটকয়েন শহর নির্মাণ করবে এল সালভাদর

২২ নভেম্বর, ২০২১ ০৭:৩১  
বিটকয়েন নিয়ে বিশ্বে বেশ এগিয়ে এল সালভাদর। প্রথম দেশ হিসেবে এল সালভাদরই প্রথম বিটকয়েন লেনদেনকে বৈধতা দিয়েছে। এবার গোটা একটি শহরকে ‘বিটকয়েন শহর’ হিসেবে তৈরির ঘোষণা দিয়েছে দেশটি। খবর রয়টার্স। বিটকয়েনকে জনপ্রিয় করতে সম্প্রতি এল সালভাদরে ‘বিটকয়েন সপ্তাহ’ পালিত হয়। এই প্রচারণার শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে এই বিটকয়েন শহর তৈরির ঘোষণা দেন। বুকেলে জানান, বিটকয়েন শহরের প্রাথমিক তহবিল আসবে বিটকয়েন বন্ডের মাধ্যমে। সেখানে ভ্যাট ছাড়া আর কোনো কর থাকবে না। আর শহরটির বিদ্যুৎ চাহিদা মেটাবে আগ্নেয়গিরির ভূতাপিত শক্তি। পুরো শহরকে একটি পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে সেখানে বিনিয়োগ করার এবং ইচ্ছে মতো টাকা কামানোর আহ্বান জানান তিনি। এল সালভাদরের পূর্বাঞ্চলে প্রস্তাবিত শহরটি তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। গত সেপ্টেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে এল সালভাদরে বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েন লেনদেন শুরু হয়। আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রেসিডেন্ট নাইব বুকেলে। ডিবিটেক/বিএমটি